October 25, 2026, 6:13 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!

বিশেষ প্রতিনিধি || আমার টেলিভিশন || ঢাকা

“উত্তরা-বসুন্ধরায় আলিশান বাড়ি ও শত কোটির সাম্রাজ্য: এনএসআই ও দুদকের অবৈধ সম্পদের পাহাড়; তবুও আমলাদের ইশারায় বিটিভির শীর্ষ চেয়ার দখলের পাঁয়তারা প্রশাসনিক দেউলিয়াত্বের উদাহরণ হয়ে থাকবে কী! এই পদোন্নতি আন্তর্জাতিক মানের বিটিভি গড়ার স্বপ্ন ভেস্তে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াবে না তো!”

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক তদন্ত নথিতে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার কেলেঙ্কারির নজিরবিহীন অভিযোগ থাকার পরও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কারিগরি পদ ‘প্রধান প্রকৌশলী’ বানানোর প্রক্রিয়া চূড়ান্তের দিকে এগোচ্ছে। চরম দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াটি বিটিভির প্রশাসনিক সংস্কার ভেস্তে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে চরম ক্ষোভ ও অস্থিরতা তৈরি করেছে। অনুসন্ধানে দেখা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীদের ছত্রছায়ায় এক দশক ধরে গড়ে তোলা লুণ্ঠন সাম্রাজ্য টিকিয়ে রাখতে তিনি এখন রাজনৈতিক পরিচয় বদলে প্রধান প্রকৌশলী পদে বসার নজিরবিহীন আমলাতান্ত্রিক প্রভাব খাটাচ্ছেন।

​মেগা প্রজেক্টের আড়ালে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ:

ফ্যাসিস্ট সরকারের সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সরাসরি যোগসাজশে গত এক দশকে বিটিভির মেগা প্রজেক্টগুলোকে নিজস্ব আয়ের উৎসে পরিণত করেন মনিরুল ইসলাম।

​বিপুল অবৈধ সম্পদ:

টেন্ডারবাজি ও দুর্নীতি থেকে উপার্জিত অর্থে ঢাকার অভিজাত এলাকা উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক বহুতল বাড়ি এবং নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশাল আলিশান বাগানবাড়ি ও বিপুল পরিমাণ জমি কিনেছেন তিনি।

​ডাবল ভাউচার জালিয়াতি:

বিটিভির রাজস্ব তহবিলের অর্থ দিয়ে কেনা সরঞ্জাম সুকৌশলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধীন কেনাকাটা দেখিয়ে জাল ডাবল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন।

​২৫০ কেভিএ সাব-স্টেশন কেলেঙ্কারি:

বিটিভির ডিজিটাল ট্রান্সমিটারের জন্য ২৫০ কেভিএ (KVA) সাব-স্টেশন স্থাপনের দরপত্রে ঠিকাদারের সাথে আঁতাত করে নামসর্বস্ব ও অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করান, যা চালুর পরপরই অকেজো হয়ে পড়ে।

​কাজ না করিয়ে ৪০.১৫ লাখ টাকা আত্মসাৎ ও দুদকের জেরা:

বিটিভির বিভিন্ন আঞ্চলিক উপকেন্দ্রে সাব-স্টেশন স্থাপনের কোনো কাজ বাস্তবে সম্পন্ন না হওয়া সত্ত্বেও ‘কোয়ালিটি পাওয়ারটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভুয়া কারিগরি ছাড়পত্র দিয়ে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাৎ করার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক খায়রুল হাসানের নোটিশে তাঁকে সেগুনবাগিচা কার্যালয়ে দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।

​রাজনৈতিক ‘ভোল বদল’ ও পদ আঁকড়ে রাখার অপচেষ্টা:

রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে আইনি জটিলতা ও বরখাস্তের হাত থেকে বাঁচাতে মনিরুল ইসলাম চরম চাতুর্যের আশ্রয় নেন। বিটিভি সূত্রে জানা গেছে, তিনি রাতারাতি ভোল পাল্টে নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের “এলাকার লোক” ও অনুসারী দাবি করে প্রভাব খাটাচ্ছেন, যার উদ্দেশ্য হলো বিটিভির মূল ‘প্রধান প্রকৌশলী’ পদটি হাতিয়ে নেওয়া।

​সহযোগী ৪ প্রকৌশলীর সিন্ডিকেট ও দুদকের নথি জব্দ:

মনিরুল ইসলামের নেতৃত্বে প্রকৌশল শাখায় চার সহযোগীর একটি বলয় গড়ে ওঠে—ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. মান্নাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আরিফুল হাসান এবং রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদী। এই চক্রটি সেট নির্মাণ, সাউন্ড ও ডিজিটালাইজেশনের ভূয়া বিল থেকে নিয়মিত পারসেন্টেজ আদায় করত। দুর্নীতির পূর্ণাঙ্গ চিত্র উন্মোচনে দুদকের বিশেষ নির্দেশে বিটিভি থেকে মনিরুল ও তাঁর সহযোগীদের বিগত ১০ বছরের কেনাকাটা, অডিট ফাইল, এলসি ডকুমেন্ট ও ব্যাংক লেনদেনের সমস্ত মূল রেকর্ডপত্র জব্দ করা হয়েছে।

​বর্তমান প্রশাসনিক দেউলিয়াত্ব ও আইনি অবস্থান:

একদিকে দুদক ও এনএসআই-এর যৌথ অনুসন্ধানে মনিরুল ইসলামের অবৈধ স্থাবর সম্পত্তি ক্রোক, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং আদালতে ফৌজদারি চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে, অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাঁর প্রধান প্রকৌশলী হওয়ার ফাইল চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। একজন গুরুতর অভিযুক্ত ও গোয়েন্দা জালে আটক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার এই প্রচেষ্টা বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কারের নীতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

​অভিযুক্তের বক্তব্য:

প্রকৌশল প্রজেক্টে হাজার কোটি টাকার অনিয়ম, জাল ভাউচার তৈরি এবং প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির তদবির সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত সিনিয়র প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য তাঁর নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তিনি কোনো লিখিত বক্তব্য বা প্রতিবাদ পাঠালে তা পর্যালোচনা সাপেক্ষে গুরুত্বের সাথে প্রকাশ করা হবে।