
তথ্যমন্ত্রীর সঙ্গে শিল্পী সমাজের সৌজন্য সাক্ষাৎ: রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সংস্কারে প্রত্যাশার উচ্চারণ
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংগীত শিল্পীদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কাজ করে চলা “বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ”–এর আহ্বায়ক কমিটির প্রতিনিধিবৃন্দ নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্ত্রী মহোদয় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এবং গৌরনদীর ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে শিল্পী প্রতিনিধিদের আপ্যায়ন করেন। পরিচিতি পর্ব শেষে শিল্পী সমাজের দীর্ঘদিনের দুঃখ, হয়রানি, প্রশাসনিক জটিলতা ও প্রাতিষ্ঠানিক সংকটের বিষয়গুলো তাঁর সামনে উপস্থাপন করা হয়।
আলোচনায় অংশ গ্রহণ করেন পরিষদের পক্ষে সদস্যসচিব পলাশ সাউ (সংগীত আয়োজক ও বিশেষ গ্রেড বাদ্যযন্ত্রশিল্পী–বিটিভি), খালিদ খলিল (সাংবাদিক, গবেষক ও হাওয়াইয়ান গিটার শিল্পী), নূরিতা নূসরাত খন্দকার (সংগীত গবেষক ও রবীন্দ্রসংগীত শিল্পী- বাংলাদেশ বেতার), জাহাঙ্গীর মির্জা (আন্তর্জাতিক তবলা শিল্পী ও বিশেষ গ্রেড বাদ্যযন্ত্রশিল্পী–বিটিভি) এবং এ কে এম শহিদুল্লাহ (সাংবাদিক–বিটিভি)।
সৌজন্য সাক্ষাতে দেশের একমাত্র রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন–এর বিভিন্ন অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সকলের কথা মনোযোগ সহকারে শোনার পর মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন বলে জানান। তিনি আশ্বস্ত করেন যে, দেশের একমাত্র রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন–এর কার্যক্রম, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
“আমার টেলিভিশন” জাতীয় স্বার্থ, গণমাধ্যমের নৈতিক দায়বদ্ধতা এবং জনগণের তথ্য জানার অধিকার বিবেচনায় বিষয়টিকে দায়িত্বশীলতার সঙ্গে উপস্থাপন করছে।
উত্থাপিত অভিযোগ ও দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন—এবং যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলোর নিষ্পত্তি হওয়াই প্রত্যাশিত।
শিল্পী সমাজের প্রত্যাশা—স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ের ভিত্তিতে একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও সৃজনবান্ধব বিটিভি আবারও জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।
#BTV #Transparency #Justice
#তথ্যওসম্প্রচারমন্ত্রণালয় #দুদক
